২১ মার্চ ২০১৫ - ১৭:১১
নতুন বছরে আরো ভালো অর্থনীতি উপহারের ঘোষণা দিলেন রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি নতুন ফার্সি বছরে আরো ভালো অর্থনীতি উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন।

আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি নতুন ফার্সি বছরে আরো ভালো অর্থনীতি উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি চলতি নতুন বছরে দেশে টেকসই উন্নয়ন, নতুন চাকরির ক্ষেত্র সৃষ্টি এবং তেলবহির্ভূত খাত থেকে রপ্তানি আয় বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন।
ফার্সি নতুন বছর শুরুর দিন আজ (শনিবার) সকালে জাতির উদ্দেশে দেয়া এক বাণীতে প্রেসিডেন্ট রুহানি এ কথা বলেছেন। প্রতিরোধমূলক অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করার জন্য তিনি জনগণের প্রশংসা করেন। তিনি বলেন, জনগণের সমর্থন ছাড়া মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা ও তেলের ওপর নির্ভরতা কমানো সম্ভব হতো না।
ড. রুহানি তার বাণীতে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার চলমান পরমাণু আলোচনা নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, জনগণের সহযোগিতায় প্রতিরোধমূলক অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করার ফলে বিশ্বের বৃহৎ শক্তিগুলোর বিরুদ্ধে আলোচনায় বিজয় অর্জনের পথ খুলে গেছে।
প্রেসিডেন্ট রুহানি বলেন, ছয় জাতিগোষ্ঠীসহ বড় বড় দেশ বুঝতে সক্ষম হয়েছে যে, ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা ও হুমকি ব্যর্থ হয়েছে। এখন তাদের সামনে শান্তিপূর্ণ আলোচনা ছাড়া আর কোনো পথ খোলা নেই।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তেহরানের সমর্থন অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্য ও সারা বিশ্ব থেকে সন্ত্রাসবাদ এবং চরমপন্থা নির্মূল না হওয়া পর্যন্ত ইরান এ সমর্থন অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
গত বছরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী প্রতিরোধমূলক অর্থনীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। সে নীতির আওতায় ইরান জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা ও অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো এবং আমদানি নির্ভরতা কমানোর কর্মসূচি হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে।#